Home আন্তর্জাতিক নন্দীগ্রামে মমতা নয়, শুভেন্দু জয়ী: আনন্দবাজার

নন্দীগ্রামে মমতা নয়, শুভেন্দু জয়ী: আনন্দবাজার

0
69

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর থেকে সরে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম। এখন বলা হচ্ছে ওই আসনে মমতা নয়, জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী।

 

এর আগে চরম নাটকীয়তা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষপর্যায়ে আনন্দবাজার, এনডিটিভিসহ বেশিরভাগ সংবাদমাধ্যম জানায় নন্দীগ্রামে বিজয়ী হয়েছেন মমতা।

 

তবে এসব সংবাদ মাধ্যম সন্ধ্যার পর অবস্থান পরিবর্তন করে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।’

 

শুভেন্দু অধিকারী টেলিফোনে আনন্দবাজারকে বলেন, ‘১৬২২ ভোটে জিতেছি আমি।’

 

যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯ হাজার ৭৮৭ ভোটের। তারপরও সংবাদ সম্মেলনে নন্দীগ্রামে হেরে গেছেন জানিয়ে মমতা বলেছেন, ‘নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেব।’

 

এদিকে নিজে হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়।’

 

সেই সঙ্গে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তিনি অভিযোগ করে বলেছেন, ‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।’

 

নন্দীগ্রামে কি পূণরায় ভোট গণনার দাবি করছেন? সন্ধ্যা পৌনে ৭টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দের এই প্রশ্নের উত্তরে বলেন, ‘অবশ্যই দাবি করছি। কারণ সেখানে অনেক টেম্পারিং হয়েছে। কয়েক ঘণ্টা সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। একবার ফল ঘোষণা করে আবার পরিবর্তন করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here