গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- গণপরিবহন চালু করাসহ তিন দফা দাবিতে আজ রোববার সকাল থেকে দেশের সব টার্মিনালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন পরিবহনশ্রমিকেরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, পিকআপ চললে গণপরিবহন চলবে না কেন।

 

ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণপরিবহন বন্ধ থাকায় সড়ক পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার। এতে তাঁদের জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুর্বিষহ জীবন যাপন করছেন। পরিবহনশ্রমিকেরা রাস্তায় নেমে এলে তার দায়দায়িত্ব ফেডারেশন নেবে না।

 

আজ রোববার (০২ মে) সকাল ১০টার দিকে গাবতলীতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ শেষে গাবতলী ও এর আশপাশ এলাকায় পরিবহনশ্রমিকেরা মিছিল করেন।

 

বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সম্পাদক মো. আব্বাস উদ্দিন বলেন, আমাদের রুটি-রুজির কথা চিন্তা করে আজ সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৪ তারিখ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের নির্দেশে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

 

এদিকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা। রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা।

 

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন কর‌ছে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ নেন।

 

এসময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। তবে করোনার এই দুঃসময়ে অনেকের মধ্যে স্বাস্থ্যবিধির বিষয়টি উপেক্ষিত ছিল।

 

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

 

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *