উৎপাদন বাড়াচ্ছি, শিগগিরই বাংলাদেশ টিকা পাবে: দোরাইস্বামী

নজর২৪, ঢাকা- বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করতে ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

 

আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। চার দিনের ছুটি শেষে এদিন ভারত থেকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরছিলেন।

 

ভারত থেকে করোনাভারাসের টিকার নতুন চালান আসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এই মুহূর্তে ভারত নিজেই ভ্যাকসিন সংকটে আছে। তবে উৎপাদন বাড়ানো হচ্ছে, শিগগিরই বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি করা হবে।’

 

দোরাইস্বামী বলেন, ‘করোনা মহামারির কারণে দুই দেশ খারাপ সময় পার করছে। এর মধ্যে ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নত আছে। ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে ভাটা পড়বে না।’

 

বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকা ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

 

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশে করোনার টিকার কার্যক্রম যেন চলমান থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউটা অনেক বড়। ভারতের অবস্থাও দিন দিন কঠিন হচ্ছে। আমরা সবাই একত্রে কাজ করছি। সবাই মিলে এই পরিস্থিতি থেকে বের হতে পারব।

 

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সব সময় বিশেষ গুরুত্বের। বাংলাদেশের সঙ্গে যে আমরা যুক্ত, এর গুরুত্ব তুলে ধরার জন্যই করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন।

 

এ সময় চেকপোস্টে হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *