আদালতপাড়ায় কড়া নিরাপত্তা, কিছুক্ষণের মধ্যে নেয়া হবে মামুনুলকে

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আজ (সোমবার) আদালতে তোলা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

 

এদিন সকাল থেকেই আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামুনুলকে তোলার কথা রয়েছে।

 

আদালতপাড়া ঘুরে দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে পুলিশ টহল বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে সংশ্লিষ্ট এলাকায় যেতে দেয়া হচ্ছে না। আর চিফ মেজিস্ট্রেট আদালত এলাকায় যেতে হলে যথাযথ কারণ দেখিয়ে যেতে হচ্ছে।

 

পুলিশ বলছে, হেফাজত নেতা মামুনুল হককে বেলা ১১টার দিকে আদালতে তোলা হবে। তাই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

জানা গেছে, রবিবার (১৮ এপ্রিল) রাতে তেজগাঁও থাকা থেকে মামুনুল হককে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকেই তাকে আদালতে তোলা হবে। এদিন মামুনুল হকের সাতদিনের রি-মা- ন্ড চাইবে পুলিশ।

 

এর আগে রবিবার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর তাকে প্রথমে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। রাত ১১টার দিকে তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *