দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া, বললেন স্বাস্থ্যবিধি মানতে

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে সবাইকে সাবধানে, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। তার অবস্থা স্থিতিশীল। তিনি যথেষ্ট ভালো আছেন। তিনি শুধু নিজের নয়, করোনা আক্রান্ত ব্যক্তিগত স্টাফদেরও খোঁজখবর রাখছেন।

 

সোমবার (১২ এপ্রিল) গুলশানের ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান।

 

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বলব যে, ওনার (খালেদা জিয়া) অবস্থা খুবই স্থিতিশীল। আজকে পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। উনি স্পিরিটেড আছেন। আমরা আশা করছি যে, যদি এভাবে আরও এক সপ্তাহ পার হওয়া যায় তাহলে ইনশা আল্লাহ আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব।

 

এক প্রশ্নের জবাবে সিদ্দিকী বলেন, আমাদের সাথে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে, যুক্তরাজ্যে যে ওনার ছেলে ও ছেলের ওয়াইফ আছেন ডা. জোবাইদা রহমান, সে ঢাকা মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিল, উনিও সব সময় মোটিভেট করছেন। আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে আলোচনা করে ওনার (খালেদা জিয়া) চিকিৎসা করছি। কোথাও কোনো গ্যাপ বা কোথাও কোনো রকমের সন্দেহের কিছু অবকাশ নেই।

 

খালেদা জিয়ার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে বলে মনে হচ্ছে।

 

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে কি না- এমন প্রশ্নে এফ এম সিদ্দিকী বলেন, ‘করোনার সিচুয়েশনে সবাই আনসার্টেন (অনিশ্চিত)। প্রথম সপ্তাহে যেমন পজিশনের পরবর্তী সপ্তাহে কী হবে সেটা কেউই বলতে পারে না। আমাকে সবধরনের প্রস্তুতি আছে। আমরা যদি মনে করি, ওনাকে হাসপাতালে নেওয়া দরকার, ঠিক তাৎক্ষণিক আমরা তাকে হাসপাতাল নিয়ে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *