নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে মসজিদে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। সিদ্ধান্ত হয়েছে, একটি মসজিদে ২০ জনের বেশি নামাজ পড়তে যেতে হবে না।
মাহে রমজানে তারাবির নামাজের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও যে খাদেমরা এই ২০ জনের মধ্যেই পড়বেন।
বুধবার থেকে সারা দেশে সর্বাত্মক যে লকডাউন শুরু হতে যাচ্ছে, সেটিকে সামনে রেখে সোমবার সন্ধ্যা ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন এবং জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবেন।
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
