নজর২৪, ঢাকা- রাজশাহীতে ট্রাক টার্মিনালে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রাক টার্মিনালে পাশাপাশি থাকা দুটি পরিত্যক্ত বাসের একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটি পুরোপুরি পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আবদুর রউফ বলেন, তাঁরা ভোর ৬টা ৪০ মিনিটে খবর পান নওদাপাড়া বাস টার্মিনালে কে বা কারা দুটি বাসে আগুন দিয়েছে। পরে সেখানে পৌঁছে সকাল সাতটার মধ্যেই আগুন নেভানো হয়। আগুনে একটি বাসের সবগুলো আসন এবং আরেকটি বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
