নজর২৪, ঢাকা- সারা দেশে আজ রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পুলিশের উপস্থিতিতে তাঁরা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁরা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মহাসড়কের যানবাহন চলাচলে বাধা দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সাড়ে ৯টার দিকে পুলিশ, র্যাব ও বিজিবির কয়েকটি ইউনিট এসে সড়ক থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়।
এ সময় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের গাড়ি বহর কুমিল্লার দিকে যেতে দেখা যায়। কিন্তু সাইনবোর্ড থেকে মাত্র ১ কিলোমিটার সামনে মিজমিজি সাহেব পাড়া এলাকার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেলে হেফাজত কর্মীরা। ফলে আবারো পুরো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই নিউজ লেখা পর্যন্ত সরজমিনে দেখা যায় সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০০ মিটার পর পর কয়েক শ’ হেফাজত নেতাকর্মীকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
এ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এখনো পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।
