নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে রাজধানীতে শুক্রবার (২৬ মার্চ) সকালে হঠাৎ করে এয়ারপোর্ট রুটের গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিশেষ করে যে সব বাস এয়ারপোর্ট রুটে চলাচল করে, সে সব গণপরিবহনকে শুক্রবার সকালে বিভিন্ন পয়েন্টে থামিয়ে উল্টো পথে পাঠিয়ে দেয় পুলিশ।
সদরঘাট থেকে এয়ারপোর্ট অভিমুখী সব ধরণের গণপরিবহন রামপুরায় থামিয়ে দেয় পুলিশ। বাকি পথ যাত্রীদের পায়ে হেটেঁ যেতে দেখা গেছে।
অনেকে পরিবারের শিশু ও নারী সদস্যদের নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা করেন। সঙ্গে থাকা ব্যাগ ও বস্তা মাথায় নিয়ে অনেক যাত্রীকে রামপুরা থেকে এয়ারপোর্টের দিকে হেঁটে যেতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য ২৬ ও ২৭ মার্চ ঢাকা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। বেশিরভাগ রাস্তাই ফাঁকা। যেসব গণপরিবহন রাস্তায় নেমেছে সেগুলো ফাঁকা রাস্তা পেয়ে ছুটছে ঝড়ো গতিতে। নগরীর বিভিন্ন সড়ক বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়। প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি শোভা পাচ্ছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান চলছে। এ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন, এখনও আসছেন। তাদের চলাচল নির্বিঘ্ন করতে গত কয়েকদিন ধরেই রাজধানীর অনেক সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ থাকছে। স্বাভাবিকভাবেই এ কদিন মানুষের রাস্তায় চলাচলের অভিজ্ঞতা সুখকর হয়নি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিকল্প রাস্তা খুঁজে পেতে লাটিমের মতো চক্কর খেতে হয়েছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
