সম্পর্ক উন্নয়নের বার্তা: ইমরান খানকে চিঠিতে যা লিখলেন শেখ হাসিনা

নজর২৪, ঢাকা- প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যে আগ্রহ দেখাচ্ছে তাতে পাকিস্তানও বাদ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের সরকারপ্রধান ইমরান খানকে পাঠানো চিঠিতে এ বার্তা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

 

ইমরানকে মঙ্গলবার এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের অল্প সময় আগেই এ ঘটনা ঘটল।

 

সম্প্রতি পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও বাণী দিয়েছিলেন শেখ হাসিনা। বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি বিষয়টি তা সম্মুখে আসে।

 

এ বিষয়ে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত। তার সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শুভেচ্ছা জানিয়ে এবং রোগমুক্তি কামনা করে তিনি চিঠি লিখেছেন।

 

এর বেশি কিছু বলতে রাজি হননি পররাষ্ট্রমন্ত্রী।

 

এর আগে কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্প্রতি ইমরান খানের কাছে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা ওই চিঠিতে উল্লেখ করেন তিনি।

 

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উন্নয়ন ও শান্তির পথে আমাদের অভিন্ন যাত্রার মধ্য দিয়ে দুই দেশের জনগণ উপকৃত হতে পারে।’

 

ইমরান খানের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি পাকিস্তানের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *