বিরক্তি নিয়ে মিরপুর ছাড়লেন সাকিব

স্পোর্টস আপডেট ডেস্ক- চোট মাথায় রেখেই হয়তো আজ অনুশীলনটা করলেন হালকা মেজাজে। বেশি ঝুঁকি নিতে চাইলেন না। থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন প্রায় এক ঘণ্টা। যতক্ষণ ব্যাটিং করেছেন ক্রিজে থেকেই খেলেছেন।

 

ক্রিজ ছেড়ে তেড়েফুঁড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেননি। অনেকটা জায়গায় দাঁড়িয়ে মিনিট দশেক হাতও ঘুরিয়েছেন। এই সময় বিসিবি ফিজিও বাইজেদুল ইসলাম সঙ্গে ছিলেন। একবারও মনে হয়নি এই সাকিবই কদিন আগে মাঠের বাইরে কী ঝড়টাই না তুলেছেন!

 

সোমবার (২২ মার্চ) দিনগত রাতে দেশে ফেরার পর মঙ্গলবার বাসা থেকে বের হননি। আজ বুধবার সকালে এসেছিলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টা খানেক অনুশীলন করেন।

 

অনুশীলন শেষে দুই ঘণ্টার মতো বিসিবি অফিসে অবস্থান করেন সাকিব। এ সময় ড্রেসিংরুমে বিশ্রাম শেষে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কক্ষে যান তিনি। তবে সেখান তাদের মধ্যে কি কথা হয়েছে, সেটি জানা যায়নি।

 

এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মিরপুর স্টেডিয়াম ছাড়েন সাকিব। এ সময় মিডিয়াকর্মীরা কথা বলার জন্য অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তিনি। অনেকটা বিরক্তি প্রকাশ করে গাড়ির দরজা লাগিয়ে সোজা মিরপুর ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

বিসিবির প্রধান ইর্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব আগেই জানিয়েছে, ও দেশে কয়েক দিন অনুশীলন করবে। অনুশীলন-সংশ্লিষ্টদের বলে দেওয়া আছে যেন সব সুযোগ-সুবিধা প্রস্তুত রাখা হয়। সে আজ এসেছিল। আমার সঙ্গে কথাও হয়েছে। তবে সেটি পুরোপুরি সৌজন্যমূলক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *