স্পোর্টস আপডেট ডেস্ক- তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিবের প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।
বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।
তৃতীয় সন্তান ঘরে আসতে আর বেশি বিলম্ব হলো না। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন সাকিব। এর মাঝে দেশে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার জন্য। সিরিজের মাঝপথেই আক্রান্ত হন ইনজুরির। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তিনি।
অবশেষে আজ তৃতীয় এবং প্রথম পুত্র সন্তানের বাবা হলেন তিনি।
