স্পোর্টস আপডেট ডেস্ক- কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির আগের স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যের জেরে বুধবার বিকালে বনানীতে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তামিমা। এ সময় তাদের আইনজীবীও উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, বৈধ প্রক্রিয়াই তারা বিয়ে করেছেন। তাদের বিরুদ্ধে রাকিব নামে ওই যুবক অপপ্রচার চালাচ্ছেন।
এর আগে এদিন ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এরপরই এই নবদম্পতি সংবাদ সম্মেলনে আসেন।
এসময় নাসির হোসেন বলেন, তার স্ত্রীর দিকে কেউ আঙুল তুললে তা মেনে নেবেন না তিনি। এই ক্রিকেটার বলেন, আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। আমি সব কিছু জেনেই তাকে বিয়ে করেছি।
নাসির বলেন, ‘এতদিন ও শুধু তামিাম ছিল, আজকে থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেবো।’
তিনি বলেন, মানুষ আমাকে ভালোবাসে, আমি হয়তো জাতীয় দলে খেলি, আমাকে যেমন ভালোবাসে তেমনি গালাগালিও করে। কিন্তু আমার পরিবারের ওপর এইসব প্রতিক্রিয়ার প্রভাব পড়ছে। এটা সবচেয়ে ক্ষতিকর।
নাসির বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেসব কথা বলা হচ্ছে এসব হয়তো আমি সহ্য করতে পারছি কিন্তু তামিমা তো সহ্য করতে পারছে না। ও যদি যে কোনো মুহূর্তে রঙ ডিসিশন নেয় তাহলে এর দায়ভার কে নেবে? আর রাকিব সাহেব যেভাবে কথা বলেছে, এভাবে তো বলতে পারেন না। তামিমাকে কিছু বলা মানে আমাকে বলা।’





