আন্তর্জাতিক ডেস্ক- ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর ভয়াবহ বোমা হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
গ্রেফতারকৃতের নাম শেখ নাসিম। বিস্ফোরণের কয়েক দিন আগে থেকে বোমা হামলার ঘটনাস্থল নিমতিতা স্টেশন চত্বরে তিনি ঘোরাঘুরি করছিলেন বলে জানিয়েছে আনন্দবাজার।
তারা জানায়, ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ ঘোরাঘুরির নামে আসলে স্টেশন চত্বরের নিরাপত্তা মেপে নিচ্ছিলেন নাসিম। তাকে জেরা করছে সিআইডি। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ ছিল কি না জানার চেষ্টা চলছে।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনের হামলায় মারাত্মক আহত হন পশ্চিমবঙ্গের মন্ত্রী জাকির হোসেন। তার বাম পা এবং হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিআইডি সূত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, শেখ নাসিম কয়েক মাস ধরে রেল স্টেশনের বাইরে হকারি করত। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিস্ফোরণের আগে তাকে কয়েকদিন স্টেশনে ঘুরতে দেখা গেছে। তা থেকে সিআইডি’র ধারণা, শেখ নাসিম হামলার সঙ্গে জড়িত। কিন্তু, তিনি মূল অভিযুক্ত না কি সাহায্যকারী তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা এনআইএ এর আগে বলেছে, পশ্চিমবঙ্গ এবং আসামে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আল কায়েদা বিস্তার লাভ করেছে জেএমবি’র হাত ধরে। তবে, ওই বিস্ফোরণের পর প্রশ্ন উঠেছিল, এটা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল কি না?
রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, জাকির হোসেন অনেক তৃণমূল নেতার রুটি-রুজিতে হাত দিয়ে দিয়েছিলেন। গরু পাচার নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সর্ষের মধ্যেই ভূত আছে।
