সিরাজগঞ্জ প্রতিনিধি- সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী সড়কের কোনবাড়ি কলেজ মোড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: নুরুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪০) বিপরীতমুখী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভোজ্য সয়াবিন তেলবহনকারী অপর একটি ট্রাক (বগুড়া-ড-১১-২৩০৭)’র সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
এতে ঘটনাস্থলেই যাত্রীবাহী বাসের থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ ৪ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর সময় আরো এক বাসযাত্রী নিহত হন।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচলে বিঘন্ন ঘটে। উভয় যান দুটি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা সকলেই পুরুষ।
