বগুড়ার ধুনটে শিশুকে গলা কেটে হত্যা

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় তৌহিদ সরকার (৫) নামের এক শিশুকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঘরের মেঝে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তৌহিদ সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।

 

পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকত তৌহিদ। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যান। এসময় তৌহিদের মা বাড়ির অদূরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘটনার সময় তৌহিদ বাড়িতে একাই ছিল।

 

এ অবস্থায় কে বা কারা ঘরের ভেতর ঢুকে তাকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *