কুবি প্রতিনধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আইসিটি ও সিএসই বিভাগের সকল শিক্ষদের নিয়ে ‘research methodology’ এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ারিং অনুষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনিংয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির প্রফেসর ড. এম শামীম কায়সার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ, সে জন্য পরিকল্পিতভাবে রিসার্চ করার কোন বিকল্প নেই। আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে আইকিউএসি’র মাধ্যমে ‘research methodology’ এর উপর ট্রেনিং শুরু হতে যাচ্ছে। কোন শিক্ষার্থী যদি শিক্ষকদের কাছ থেকে জানতে চাই তাহলে শিক্ষকরা অনেক খুশি হয়, যদি শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শেখা আদায় করতে না পারে তাহলে সেটা শিক্ষার্থীদের ব্যর্থতা।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, ‘আমরা আজকে ইঞ্জিনিয়ারিং অনুষদে ট্রেনিং শুরু করতে যাচ্ছি, এর আগেও বিজ্ঞান অনুষদে ট্রেনিং হয়েছিলো এবং এর পরে সামাজিক বিজ্ঞান অনুষদে শুরু করবো।’
