এবার ঢাবির জিয়া হলের নাম পাল্টানোর দাবি

নজর২৪, ঢাকা- সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল’র নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

 

সমাবেশে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগ নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সম্প্রতি বিএনপি রাজপথে নেমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে আমরা বলতে চাই, বিএনপি যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই তাইলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বসে থাকবেনা। রাজপথে নেমে তাদের প্রতিহত করবো।

 

সমাবেশে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্যান্যরা বক্তব্যে দেন। এসময় জিয়ার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল এবং ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণের দাবি জানানো হয়।

 

সমাবেশে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘জিয়াউর রহমান কখনই মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানি চর ছিলেন। আমরা দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল হোতা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলসহ মরণোত্তর বিচারের দাবি করে আসছি।’

 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের যে সুপারিশ করেছে তাকে স্বাগত জানান বিচারপতি মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *