আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের অভ্যুত্থানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন। এর ফলে দেশটির সামরিক নেতাদের, তাদের পরিবারের সদস্যদের এবং তাদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দিকে নজর রাখবে যুক্তরাষ্ট্র।
বুধবার (১০ ফেব্রুয়ারি) জো বাইডেন এই নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মিয়ানমার সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৭২০ মিলিয়ন আর্থিক তহবিলও আটকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমননীতির কারণে এই সব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।
বাইডেন বলেন, ‘বার্মার জনগণ তাদের কণ্ঠস্বর শোনাচ্ছে এবং বিশ্ব তা দেখছে।’ তিনি বলেন, ‘প্রতিবাদ বাড়ছে, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় তাদের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমরা এর বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রাখব।’
তিনি আরও বলেন, এ সপ্তাহে তার প্রশাসন অবরোধের প্রথম ধাপের লক্ষ্যগুলো চিহ্নিত করবে। যদিও রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার দায়ে ইতোমধ্যেই মিয়ানমারের কিছু সামরিক নেতাকে কালো তালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ‘আমরা কঠোরভাবে রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করব। মার্কিন যে সম্পদ বার্মা সরকারকে উপকৃত করে তা আমরা স্থগিত করতে যাচ্ছি। অন্যদিকে স্বাস্থ্য সেবা, সুশীল সমাজের দলগুলো ও অন্যান্য ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করছি যেন বার্মার জনগণ সরাসরি উপকৃত হয়।’
গত মাসে দায়িত্ব নেয়ার পর এটি বাইডেনের প্রথমবার কোনো নিষেধাজ্ঞা আরোপের ঘটনা।
