নিজস্ব প্রতিবেদক, নজর২৪- রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং মহানগর কমিটির সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনের (৫৫) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর ঢাকা মহানগর হেফাজত ইসলামের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় এ বিক্ষোভ মিছিল পালন করা হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক নজর টুয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় লালবাগ পোস্তায় অবস্থিত জামিয়া আরাবিয়া মাদরাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় মাদরাসাছাত্ররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
জামিয়া আরাবিয়া মাদরাসার ছাত্র সানাউল্লাহ জানান, মাওলানা জসিম উদ্দিন ওই মাদরাসার মুহাদ্দিস। তার বাসা ধানমন্ডির লালমাটিয়ায়। বিকেলের দিকে মাদরাসার কাজ শেষ করে রিকশা নিয়ে লালমাটিয়া তার বাসায় ফিরছিলেন। মাদরাসা থেকে কিছু দূর গেলে পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। তবে মাদরাসার পাশে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখলে জানা যাবে।
