নজর২৪, ঢাকা- রাজধানীর লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা জসিম উদ্দিন আহত হয়েছেন।
আহত জসিম উদ্দিন (৫৫) সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সহ সভাপতি। তিনি লালবাগ পোস্তা জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রিকশাযোগে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চলন্ত রিকশার পেছন থেকে একজন মাওলানা জসিম উদ্দিনকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে হেফাজত নেতারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত হেফাজত নেতার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ মো. আলাউদ্দিন।
আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
