আল জাজিরা অফিসের সামনে যুক্তরাষ্ট্র আ.লীগের বিক্ষোভ

প্রবাসের কথা ডেস্ক- কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে নিউইর্য়কে জাতিসংঘ ও আল জাজিরা অফিসের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

 

স্থানীয় সময় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল-জাজিরার ওই প্রতিবেদনকে কাল্পনিক ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন প্রতিবাদকারীরা।

 

সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়েই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এ প্রতিবেদন ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’

 

তারা বলেন, ‘যারা এখনও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের অর্জন ও অগ্রগতিকে হিংসার চোখে দেখে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, এ প্রতিবেদনটি তাদের কৌশলী ষড়যন্ত্র মাত্র।

 

আয়োজক সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সিদ্দিকুর রহমান।

 

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনাম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।

 

এর আগে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বিক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এতে বলেন, “প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা খুশি তা করবেন। আল জাজিরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। বাংলাদেশে আল জাজিরাকে নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও ব্যবস্থা নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *