আল-জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো সাংবাদিকতার নীতির ভেতরে পড়ে না। বাংলাদেশকে হেয় করে সরকারকে বেকায়দায় ফেলতে এমন প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আইএসপিআর জবাব দিয়েছে।

 

এর আগে, আল জাজিরার সংবাদকে ভিত্তিহীন ও সন্ত্রাসী মদদপুষ্ট বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটিকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং অরাজকতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *