কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অতিরিক্ত অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল। তারা দুজনই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য।
এছাড়াও, আলোচনা করেছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, এন. এম. রবিউল আউয়াল চৌধুরী ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।
আলোচনা সভায় প্রধান আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “আমাদের আর্থ-সামাজিক প্রবৃদ্ধি হয়েছে নজর কাড়া, সারা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু একই সময় আমাদের আদর্শিক বিচ্যুতি, বঙ্গবন্ধু থেকে বিচ্যুতি বড় বেদনাদায়ক। ইতিহাস বিকৃত হয়ে যায় রাজনীতিবিদদের হাতে, যথার্থ ইতিহাসবিদের হাতে কখনো ইতিহাস বিকৃত হয় না। বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস ছিল তাই এদেশ জয়ী হয়েছে, স্বাধীনতা পেয়েছে।”
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
