নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্বও করেন তিনি।
করোনার ভ্যাকসিন নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।’
সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন আনার বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সব ধরনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ভ্যাকসিন কেনার জন্য অর্থায়নের ব্যবস্থা করেছি। আজ দেশে ভ্যাকসিন আসছে, এটি আসার খবর বেশ ভালো খবর। আমরা সবাই ভ্যাকসিন নিয়ে নিবো। প্রতি ডোজ করোনা ভ্যাকসিনের দাম কত হবে, এটা অর্থমন্ত্রণালয় নয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে। ভ্যাকসিন সবাই নিলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
৭৩ বছর বয়সী মুস্তফা কামাল দুই বছর আগে ডেঙ্গু জ্বরে ভুগেছিলেন। অসুস্থতার জন্য সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাও নিয়ে আসেন তিনি।
আগামী ২৭ কিংবা ২৮ জানুয়ারি দেশে প্রথম টিকা প্রয়োগের পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রথম দিনে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিকদের একজন করে ২০-২৫ জনকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান ইতোপূর্বে জানিয়েছেন।
টিকা দেওয়ার জন্য অগ্রাধিকারের তালিকাও করেছে সরকার। তবে তার মধ্যে রাজনীতিক কিংবা ভিআইপি নেই বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
সংখ্যার হিসেবে প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকা বরাদ্দ থাকছে তাদের জন্য, যাদের বয়স ৭৭ বছরের বেশি।
