নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সংশ্লিষ্টদের আরো দক্ষ হতে হবে। বিশ্ব দরবারে নিয়ে যেতে হবে দেশের চলচ্চিত্রকে।
রোববার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সমাজ গঠনে চলচ্চিত্রের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি একজন রাজনীতিবিদ, যত বক্তৃতা দিয়ে মানুষকে যত কথাই বলি না কেন, একটা নাটক, একটা সিনেমা, একটা গানের মধ্য দিয়ে বা একটা কবিতার মধ্যে দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়, মানুষের অন্তরে প্রবেশ করা যায়, মনের গহীনে প্রবেশ করা যায়। সেজন্য এর একটা আবেদন কিন্তু রয়েছে।
শিশুদের জন্য শিক্ষণীয় চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শিশুদের জন্য সিনেমা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। এর মধ্য দিয়ে একটা শিশু জীবনকে দেখতে পারবে, বড় হতে পারবে। শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ করা এবং তার মধ্যে দিয়ে তাদের শিক্ষণীয় বিষয়গুলো প্রতিফলিত করা, এটাও কিন্তু করতে হবে। অনেক দায়িত্ব আপনাদের।
শেখ হাসিনা বলেন, আমাদের শিল্প-সংস্কৃতি, সেগুলোও যেমন থাকবে, আবার বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলার জন্য সেগুলোও থাকতে হবে। আন্তর্জাতিকভাবে সেগুলো যেন গ্রহণযোগ্যতা পায়। পাশাপাশি আমাদের যে মহান অর্জন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমাদের সে বিজয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের চেতনা, আমাদের নীতি-আদর্শ- সেগুলো প্রতিফলিত হওয়া একান্ত দরকার।
চলচ্চিত্রের উন্নয়নে এফডিসিকে নতুন ভাবে গড়ে তোলার স্বার্থে রাজধানীর কারওয়ান বাজারের মূল অংশে সরিয়ে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
২০১৯ সালে চলচ্চিত্রে অবদানে ২৬টি ক্যাটাগরিতে ৩৩ জনকে পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা মাসুদ পারভেজ-সোহেল রানা ও অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-তানিম রহমান অংশু, শ্রেষ্ঠ অভিনেতা-তারিক আনাম খান, শ্রেষ্ঠ অভিনেত্রী-সুনেরাহ বিনতে কামাল।
