নজর২৪, ঢাকা- দুই একটি জায়গা বাদে পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
আজকের পৌর নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে বলে আশা করছি। সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সচিব মো. আলমগীর বলেন, “সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। প্রচুর ভোটার উপস্থিতি ছিল। দুয়েকটি জায়গায় দুষ্কৃতিকারীরা অপচেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে; এটা খুবই নগণ্য ঘটনা।
“সব মিলিয়ে এবার পৌরসভায় সুষ্ঠু ও একটা সুন্দর নির্বাচন হয়েছে।”
ইসি সচিব জানান, বোয়ালমারীতে একটি কেন্দ্রে ব্যালটবাক্স ছিনিয়ে নেওয়ার অপেচষ্টা করলে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জেও একটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে।
বিভিন্ন এলাকায় গোলযোগ ও সহিংসতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, ৬০ পৌরসভার মধ্যে দুয়েকটি কেন্দ্রে হয়েছে, স্থগিতও করা হয়েছে। দুষ্কৃতকারীদের এ ধরনের অপচেষ্টা থাকে ভোটকে বিতর্কিত করার জন্য, কিন্তু তারা সফল হয়নি।
তিনি জানান, এবার পৌরসভায় ইভিএমে সর্বোচ্চ ৮০ শতাংশ ভোট পড়ার তথ্য এসেছে আড়ানি পৌরসভায়, সর্বনিম্ন কুলিয়ারচরে ৫৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া ব্যালট পেপারে বোয়ালমারীতে ৭৫ শতাংশ এবং দিনাজপুরে সর্বনিম্ন ১৫ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে বিকালে। পূর্ণাঙ্গ তথ্য ভোট গণণা শেষে আসবে।
