নজর২৪, নোয়াখালী- নোয়াখালী বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা ব্যাপক ভোটের ব্যবধানে পুননির্বাচিত হওয়ায় তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিজয় জনতার, এ জয় শেখ হাসিনার জয়। আওয়ামী লীগের উন্নয়নের জয়, এবং ওবায়দুল কাদেরের জয়।
বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।
নোয়াখালীর বসুরহাট পৌরসভাটি ছিল দেশজুড়ে ব্যাপক আলোচনায়। পৌরসভাটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ছোট ভাইয়ের বিজয়ের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শেষে শনিবার (১৬ জানুয়ারি বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
