নজর২৪, পাবনা- পাবনার ঈশ্বররদী পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মার’ধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট পরিদর্শনে গেলে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মার’ধর করে নৌকার সমর্থকরা।
পরে পুলিশের উপস্থিতিতে তাকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে দাবি বিএনপি প্রার্থীর।
রফিকুল ইসলাম নয়ন অভিযোগ করে জানান, জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।
তবে, অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ইসাহক মালিথা জানান, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী হাম’লার নাটক সাজিয়ে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে ঈশ্বররদী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পিএম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মার’ধরের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন এ ব্যাপারে অবগত নন বলে জানান।
ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে ৩, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইছাহক আলী মালিথা, বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাসুম বিল্লাহ।
পৌরসভার মোট ভোটার রয়েছে ৫৫ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৯টি এবং বুথ সংখ্যা ১৫২টি।
