নজর২৪, ঢাকা- জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবে না সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন।
বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক, ফিজা অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক এবং একাত্তরের কথা পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
এ উপলক্ষে এক সভায় বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জাপা চেয়ারম্যান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। তাছাড়া সঠিক তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়, সকল প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়। এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী আবারো করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশেও করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। রাজধানীর কিছু হাসপাতাল এবং কিছু বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা আছে। কিন্তু সারাদেশের হাসপাতালগুলোতে করোনার কোনো চিকিৎসা নেই।
প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসায় অক্সিজেন সহায়তাসহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাব্বির আহমেদ, ইয়াহইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো: সাইফুদ্দিন খালেদ বক্তব্য রাখেন।
