দৌলতদিয়ায় ফেরি চলাচল সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক

নজর২৪ ডেস্ক: ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টা থেকে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

 

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি এ তথ্য জানান।

 

তিনি জানান, সোমবার দিবাগত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিলেন। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

 

এখন সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

 

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন।

 

এছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *