Home জাতীয় বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

0
115

নজর২৪ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সৃষ্টিশীল অর্থনীতির ক্ষেত্রে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ’ প্রস্তাব এই সংস্থার নির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।

 

বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্টিশীল অর্থনীতিতে তরুণদের মধ্যে এই পুরস্কার দেয়া হবে। পুরস্কারটির নাম হবে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

 

ইউএনবি’র খবরে বলা হয়, ২১০তম নির্বাহী পরিষদের ভার্চুয়াল অধিবেশনে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটা এমন এক সময়ে ঘটছে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কর্মসূচি পালিত হচ্ছে বছরজুড়ে।

 

শান্তি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সংস্কৃতির শক্তিতে বিশ্বাস রেখে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ শীর্ষক একটি পুরস্কার প্রবর্তনের প্রস্তাব উত্থাপন করে বাংলাদেশ।

 

ইউনেস্কোর নির্বাহী পরিষদের এই অধিবেশনে দুটি অংশ রয়েছে। প্রথম অংশের অধিবেশন ২ থেকে ১১ই ডিসেম্বর হয় ভার্চুয়াল মাধ্যমে। এরই মধ্যে সেখানে গৃহীত সিদ্ধান্ত ইউনেস্কোর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত অধিবেশন হওয়ার কথা ২০ থেকে ২৭ শে জানুয়ারি।

 

বোর্ডের যে সকল সদস্যরা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশের পক্ষে তাদের প্রতি গভীর প্রশংসা জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন।

 

বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এবং বিশ্বাস করে, অংশীদারিত্ব গড়ে তোলা ও জোরদার করার মাধ্যমে তারা বর্তমান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সফলভাবে কাটিয়ে উঠতে পারবে। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে সকল সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয়েছে।

 

এর আগে গত ৯ ডিসেম্বর প্রোগ্রাম অ্যান্ড এক্সটার্নাল রিলেশন কমিশন এবং অর্থ ও প্রশাসনিক কমিশনের যৌথ সভায় বাংলাদেশের এ সংক্রান্ত প্রস্তাবটি বিবেচিত ও অনুমোদিত হয়। যৌথ কমিশন পূর্ণাঙ্গ সভায় এই সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেছিল যা অবশেষে গৃহীত হলো।

 

ইউনেস্কো তাদের বৈশ্বিক অগ্রাধিকার লিঙ্গভিত্তিক সমতার সাথে সঙ্গতি রেখে সৃজনশীল অর্থনীতিতে নারীদের উৎসাহিত করার প্রয়োজনীয়তারও স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কোর নথিতে বলা হয়েছে, সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার সৃজনশীল তরুণ উদ্যোক্তা বিকাশে বড় ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here