এখন স্কুল খুলে দেওয়া উচিত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, আর এই প্রাণঘাতী করোনার বিস্তার রোধে বিশ্বব্যাপী স্কুল বন্ধ রাখা হয়। দীর্ঘমেয়াদে স্কুল রাখায় শিক্ষা সংকট তৈরি হয়েছে জানিয়ে ইউনিসেফ বলছে, সুদূরপ্রসারী প্রভাবের বিচারে মহামারির মধ্যেই এখন স্কুল খুলে দেয়া উচিত।

 

গতকাল মঙ্গলবার সংস্থাটির জার্মান শাখার প্রেস অফিসার ক্রিস্টিনে কাহমান  ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, জোর করে স্কুল বন্ধ রাখা হচ্ছে। এতে বিশ্বের শিক্ষা ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। এ থেকে বের হওয়ার সময় এসেছে।

 

ক্রিস্টিনে কাহমান বলেন, বিভিন্ন দেশের সমাজে কয়েক দশক পর্যন্ত এই সংকটের প্রতিফলন থাকতে পারে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে কোমলমতি শিশুরা। এ ক্ষেত্রে প্রান্তিক শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে।

 

ইউনিসেফ কর্মকর্তা ক্রিস্টিন মনে করেন, শিশুরা মাসের পর মাস স্কুলের বাইরে থাকায় সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। এর আগের মহামারিগুলোতেও এটি দেখা গেছে।

 

শিক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অগ্রগতি এখন পিছিয়ে পড়ায় বৈষম্য বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন স্কুলের বাইরে থাকায় শিশুদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি স্কুলে ফেরার আগ্রহও কমবে। এর পরিণতি সারা জীবন ভোগ করতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *