নজর২৪, ঠাকুরগাঁও- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন।
স্থানীয়রা জানান, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও রবিউল ঘটনাস্থলেই মারা যান।
এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নেয়া হচ্ছে।





