মামুনুল হককে গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিমকে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের (বুলবুল-মামুন) নেতাকর্মীরা৷

 

অবরোধের কারণে শনিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় একঘণ্টা শাহবাগ মোড় দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ১ ডিসেম্বর সারা দেশে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়েন তারা।

 

এর আগে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে মিছিল করে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাস্তা অবরোধ করে রাখায় রাজধানীর শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

সমাবেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী জড়ো হন। মঞ্চের নেতাকর্মীরা মামুনুল হক ও ফয়জুল করীমকে গ্রেফতারের দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন৷

 

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মামুনুল হককে গ্রেফতার করতে হবে। মহানবী (সা:) ও বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে আজ থেকে সমগ্র বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী মামুনুল হক ও ফয়জুল করীমকে অবাঞ্ছিত ঘোষণা করলো মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

এদেরকে অবিলম্বে গ্রেফতার না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *