ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিল। সেই সমস্যাই প্রকট হয়েছিল কিনা তা নিয়ে ছিল সংশয়। ম্যাচ শেষেও দেখা যায়নি সাকিবকে। তার জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ সময় বাংলাদেশ দলের সহকারী এই অধিনায়ক নিশ্চিত করেছেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গিয়ার চেইঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার ক্যাপ্টেন।
সবমিলিয়ে ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল, সাকিব কিছুটা সমস্যায় ভুগছেন। একপর্যায়ে মাঠ ছেড়েও চলে যান তিনি। ম্যাচ শেষে সহ-অধিনায়ক নাজমুল শান্তর কথায় নিশ্চিত হওয়া গেল সাকিবের অবস্থান।
জানা গেছে, সাকিব থাই স্ট্রেইনে (উরুর পেশিতে টান) ভুগছেন। তার স্ক্যান করা হয়েছে, রিপোর্ট এলে পরবর্তী কতটা গুরুতর জানা যাবে।
বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪৫ রান করে। তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিনও বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল ব্যর্থতার মিছিল। সর্বোচ্চ মুশফিকুর রহিম ৬৬ রান করেন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও সাকিব ৪০ রান করেন। বল হাতে মোস্তাফিজ-সাকিব ১টি করে উইকেট নেন।
হারের কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকে দুষছেন শান্ত। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার।’
‘আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে’ -আরও যোগ করেন শান্ত।
ব্যাটিংয়ের ব্যর্থতার দিনে বোলারদের প্রশংসা করেন শান্ত। যদিও এক মোস্তাফিজ ছাড়া বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম উইকেটের দেখা পাননি।
শান্ত বলেন, ‘আজ তিন পেসারের কথা বলতেই হয়, তারা খুবই ভালো বোলিং করেছে। গত ম্যাচে আমরা ভালো বোলিং করিনি। কিন্তু আজ পেসাররা তাদের সামর্থ্য দেখিয়েছে, ভালো বোলিং করেছে। এটা আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চয়ই সাহায্য করবে।’
‘সবচেয়ে বড় উন্নতিটা এসেছে পেস বোলিংয়ে। পরের ম্যাচগুলো নিশ্চয়ই অন্যরকম হবে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে, দায়িত্ব নিতে হবে।’ -যোগ করেন শান্ত।
