বাবা শাকিবের গাওয়া গানে ঠোঁট মেলাল জয়, উচ্ছ্বসিত অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার বয়স এখনো হয়নি। তবে বাসায় বসে টেলিভিশনে বাবার সিনেমা আর গান উপভোগ করা হয় এই তারকাসন্তানের।

এবার আরও এক ধাপ এগিয়ে বাবার গাওয়া গানে ঠোঁট মেলাল জয়। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে শাকিবের সাত বছর বয়সী সন্তান। গানের ভিডিও টিকটকে আপলোড করেছেন চিত্রনায়িকা মা অপু বিশ্বাস।

সন্তানের আপলোড করা গানের ভিডিওটি নজরে এসেছে চিত্রনায়ক বাবা শাকিব খানেরও। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব।

সেখান থেকে বললেন, ‘“ও প্রিয়তমা” গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।’

বাবা শাকিব খানের গানের সঙ্গে জয়ের ঠোঁট মিলিয়ে গাওয়া গানটি টিকটকে রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিও বিষয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরাও জয়ের এমন কাজে বেশ আনন্দ পেয়েছেন। নানা ধরনের মন্তব্য করে জয়ের এই গানে ঠোঁট মেলানোর প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, জয়কে তাঁরা আগামী দিনের নায়ক হিসেবে দেখতে চান।

‘প্রিয়তমা’ ছবিতে ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। এই গানটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গেয়েছেন অপু বিশ্বাসও। তিনি টিকটকও করেছেন।

প্রসঙ্গত, ৭০টির বেশি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-অপু। ২০০৮ সালে তারা গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের পুত্র আব্রাহাম খান জয়। ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।

বিচ্ছেদের পর শাকিব খানকে দুচোখে দেখতে পারতেন না অপু বিশ্বাস। মাঝে মাঝেই প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন। কী এক কারণে সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে।

এ থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে ইন্ডাস্ট্রির অনেকে প্রশ্ন তুলেছেন—তিক্ত অতীত ভুলে কি আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু? আবার কেউ কেউ বলছেন, নায়কের পরিবারের সঙ্গে নাকি অভিনেত্রীর সম্পর্ক আগের থেকে দৃঢ় হয়েছে। তবে এ ব্যাপারে এখনো শাকিব-অপুর কাউকে মন্তব্য করতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *