সুনামগঞ্জের শান্তিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। মূলত গ্রামের একটি মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), একই গ্রামের নুরুল ইসলাম (৪২), এবং আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশিয় ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল ইসলাম ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
