রেজা কিবরিয়ার কড়া সমালোচনা করে যা বললেন আসিফ নজরুল

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে নিয়ে এবার তুমুল সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজা কিবরিয়াকে তিনি বলেন, গণঅধিকার পরিষদ নূরদের দল, রেজা কিবরিয়ার নয়।

আসিফ নজরুল লিখেছেন, ‘গণ অধিকার পরিষদ নুরুল হক নুর, রাশেদ খান, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ড. রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই। তিনি কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এ অবস্থায় যে প্রত্যাশা থেকে, যে সম্মান দিয়ে দেশের তরুণ-যুবকদের নতুন প্রত্যাশার দল গণ অধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণ করতে ব্যর্থ হন।’

আসিফ নজরুল বলেন, ‘আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমাণ রেখে দেরি করে আসতে দেখেছি, দলের সাধারণ কর্মী, এমনকি নেতাদের সাথে তার দূরত্ব দেখেছি, কিছু টক শো ও অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইমম্যাচিউরড কথাবার্তা শুনে হতাশ হয়েছি।’

গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়া আনফিট ছিলেন উল্লেখ করে এই আইন বিশেষজ্ঞ আরো বলেন, ‘গতকাল নুরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তা নীচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খানকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত।’

রেজা কিবরিয়াকে পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, ‘রেজা কিবরিয়া, আপনি আত্মমর্যাদাবোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন, প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদের সাথে নিন। নুর-রাশেদদের রক্তে-ঘামে প্রতিষ্ঠিত দল, আখতার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্মত্যাগে গড়ে ওঠা দল, গণ অধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি। আমি জানি কী নির্যাতন, কী নিপীড়ন সহ্য করে তারা আজকে এই জায়গাটায় এসেছে।’

‘নুররা যা বলে, তা সমালোচনার ঊর্ধ্বে নয়। তাদের ভুল-ভ্রান্তি থাকতেই পারে। আশা করব সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশের হাজারো তরুণের স্বপ্নের দল গণ অধিকার পরিষদ। আশা করি, এটি পূরণে যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন’, যোগ করেন অধ্যাপক।

সব শেষে গণ অধিকার পরিষদের জন্য শুভ কামনা জানান ড. আসিফ নজরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *