Home প্রধান খবর দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন: ইসি রাশেদা সুলতানার নির্দেশ

দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন: ইসি রাশেদা সুলতানার নির্দেশ

0
145

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভোট দেখছেন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ পর্যবেক্ষণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে অনিয়ম ধরা পড়ে। অনিয়মের বিষয়টি দেখা মাত্রই নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা টেলিফোনে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’।

জানা যায়, সিটি নির্বাচনের ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় অনিয়ম দেখতে পান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে আছেন। তিনি কারও কথা শুনছেন না। তিনি বেরও হচ্ছেন না। ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন। তার কারণে ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন।

এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজের চিত্র মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন। সকাল পৌনে ১০টা পর্যন্ত একটি কেন্দ্র ছাড়া আর কোনো কেন্দ্রে অনিয়মের চিত্র পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ছাড়াও আরও চারজন নির্বাচন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত ওই কক্ষে দুই ঘণ্টা পর পর কিছু সময়ের জন্য সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here