বঙ্গবন্ধু সেতুতে টোল পার হতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মরিয়া হয়ে বাড়ি ফিরছে মানুষ। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারসহ রওনা হয়েছে মোটরসাইকেলে। বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে শত শত মোটরসাইকেল।

আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি চোখে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশে সদ্য গড়ে তোলা আলাদা বুথে সেতু পারের অপেক্ষায় রয়েছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন লাইনে থাকা মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। এদিকে মহাসড়কে বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

টাঙ্গাইল থেকে কুষ্টিয়ায় যাওয়া ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেলে করে ভোররাতে স্ত্রী-সন্তান নিয়ে রওনা হয়েছি।’ আরেক মোটরসাইকেল আরোহী জানান, প্রথম দিনে মহাসড়ক ফাঁকা তাই ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে সহজে বাড়ি যেতে পারছি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ‘ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *