দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময়কর বালক হাফেজ সালেহ আহমদ তাকরীম।
জানা যায়, আজ বুধবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এক বিশেষ ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরীম। সঙ্গে ছিলেন তার উস্তাদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কিন্তু ইফতারের সময় সন্নিকটে হওয়ায় তারা বিমানবন্দর থেকে মাগরিবের নামাজের পর বের হন।
এদিকে এবার বিমানবন্দরে কোনো তাকরীমকে কোনো সংবর্ধনা না দেয়ার অনুরোধ করেছিলেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে তিনি জানান, বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের মানুষ এখন বিষাদগ্রস্ত। যদিও তাকরীমের বিশ্বজয়ের সংবাদে মানুষের মনে সেই বিষাদের রেশ কিছুটা কমেছে। তবুও সহায়-সম্বল হারানো মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবার বিমানবন্দরে কোনো সংবর্ধনা নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
তিনি লিখেন, বাংলাদেশের মানুষ বরাবরই ধর্ম প্রিয়, কুরআন প্রিয়। সদ্য দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র কিতাব বিভাগের ছাত্র সালেহ আহমাদ তাকরীমের বিশ্বজয় মানে- কোটি কোটি দেশপ্রেমিক, কুরআন প্রেমিকদের বিশ্বজয়।
তিনি আরো লেখেন, বিশ্বজয়ী এ হাফেজকে বরণ করার জন্য বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গতকাল বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যাওয়ায়, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করত: সকল ধরনের সংবর্ধনা,শোডাউন ইত্যাদি থেকে বিরত থাকার জন্য তৌহিদী জনতার প্রতি ফয়জুল কুরআন পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে কুরআনের প্রেমে বিমানবন্দরে ছুটে যান শত শত মানুষ। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় অনেকে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
কোরআন অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার রাতে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এর আগেও প্রথম হয়েছেন তাকরীম। এর বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় সেরাদের তালিকায় ছিলেন তিনি।
রাজধানীর মিরপুর-১ এলাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী নামের মাদ্রাসার ছাত্র তাকরীম। দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় তার প্রথম হওয়ার বিষয়টি জানিয়ে মঙ্গলবার গভীর রাতে একটি পোস্ট দেয়া হয় মাদ্রাসার ফেসবুক পেজে।
এতে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ! Markazu Faizil Quran Al-Islami-মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-এ প্রথম স্থান অর্জন করেছে।
‘সে গত ১২/০১/২০২৩ তারিখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকমণ্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়। বিশেষ দ্রষ্টব্য: দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে এবারই প্রথম বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন shayekh Shoaib Muhammad al ajhari হাফিজাহুল্লাহ।’
