মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করলেন ওবায়দুল কাদের

নজর২৪, ঢাকা- স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে (বাসায় সঙ্গ​নিরোধে) আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় শ্যালক কাজী একরামুল রশীদ করোনায় আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি কোয়ারেন্টাইনে যান। আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

 

এ অবস্থায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এই সুস্বাস্থ্য কামনা করেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এতে যোগ দেন।

 

ওবায়দুল কাদের বলেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না।

 

গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।

 

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

এদেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ ৭৫ এর ১৫ আগষ্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা, গ্রেনেড হামলাসহ ২০বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে।

 

ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি, তারা সেটাই চর্চা করে চলেছে।

 

সমালোচনা রুখতে নাকি সরকার বিরোধীদের গুম করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার। সমালোচনা করলে গুম করা হয় এমন কোন তথ্য কি বিএনপির কাছে আছে?

 

এ ধরনের তথ্য পরিহার করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের সংগঠন বলেই জনগণের সাথে ছিলো এবং আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *