গর্বে বুক ভরে যাচ্ছে, সাকিবকে ধন্যবাদ: আরাভ খান

অনেক ‘নেতিবাচক কথা’ শোনার পরও দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন হঠাৎ আলোচিত হয়ে ওঠা আরাভ খান; যাকে এক খুনের মামলায় খোঁজার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, এই আরাভের আসল নাম রবিউল ইসলাম; যিনি ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি।

সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি, ইউটিউবার হিরো আলম।

তাদের এ দুবাই যাত্রা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, আরাভ যে খুনের মামলার আসামি এবং তার আসল নাম যে রবিউল তা সাকিব ও অন্যান্যদের জানানো হয়েছে। তারপরও তারা সেখানে গেছেন।

এমন বিতর্কের মধ্যেও দুবাইয়ে উদ্বোধন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আরাভ খান কৃতজ্ঞ সাকিবসহ তার অতিথিদের কছে। বৃহস্পতিবার ফেইসবুক লাইভে প্রকাশ করেছেন তার সেই মনোভাব। একই সঙ্গে হত্যাসহ যেসব অভিযোগ উঠেছে, তার সবই অস্বীকার করেছেন তিনি।

গয়নার দোকান উদ্বোধনের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার নিজের ফেইসবুকে এ বিষয়ে কথা বলেন আরাভ। ২২ মিনিটের ওই লাইভে তিনি বলেন, “গণমাধ্যমে এত আলোচনার পরও তার গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়েছে।

“অনেকেই অনেক ধরনের চেষ্টা চালিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও এত কিছু শোনার পরেও সাকিব আল হাসান ভাই এসেছেন, তাকে ধন্যবাদ। সে কিন্তু পিছু হাটেনি, কেউই হটেনি। আমার ওখানে এতগুলো আর্টিস্ট গিয়েছিল! আলহামদুলিল্লাহ, গর্বে বুক ভরে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *