ফ্রান্সে মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাষ্ট্রীয় মূল্যবোধ রক্ষায় একটি সনদ মেনে নিতে তাদের প্রতি এ আল্টিমেটাম জারি করেন তিনি।

 

ফ্রান্সের ‘চরমপন্থী’ ইসলামের বিস্তৃতি ঠেকাতে তিনি এমন কড়া অবস্থান নিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, সনদটি মেনে নিতে গত বুধবার (১৮ নভেম্বর) ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)-কে ১৫ দিনের সময় বেধে দেয়।

 

ওই সনদে বলা হয়েছে— ইসলাম একটি ধর্ম, কিন্তু তা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করলে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়াও দেশটির ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বিদেশী প্রভাবমুক্ত থাকারও বাধ্যবাধকতা দেওয়া হয়েছে ওই সনদে।

 

এছাড়া ওই বৈঠকে ন্যাশনাল কাউনসিল অব ইমাম’স প্রতিষ্ঠা করার সিদ্ধান্তও নেওয়া হয়। এ প্রতিষ্ঠান ইমামদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া ও তাদের অনুমতিপত্র বাতিল করতে পারবে।

 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা:)- এর একটি ব্যঙ্গচিত্র দেখানোর পরই স্কুলের বাইরে চেচেন বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন। এ ঘটনায় দেশটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়।

 

ওই সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ওই শিক্ষককে ‘বীর’ আখ্যা দিয়ে উগ্র ইসলামপন্থীদের দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন। পরে রাষ্ট্রীয়ভাবে ওই কার্টুন প্রদর্শনও করা হয় ফ্রান্সে। এ ঘটনাকে ঘিরে মুসলিম প্রধান দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

গত এক মাসে ফ্রান্সের অভ্যন্তরে বেড়ে গেছে জঙ্গি হামলা। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ঠেকাতেই এবার এমন সনদ প্রকাশ ও তা মেনে নেওয়ার বাধ্যবাধকতা দিলেন ফরাসি প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *