আওয়ামী লীগ দিশেহারা হয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে: খন্দকার মোশাররফ

আওয়ামী লীগ তাদের ব্যর্থতা ঢাকতে দিশেহারা হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের পরেও তেল গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি সফল হয়েছে।

বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মোশাররফ বলেন, ‘গতকাল ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৫ শতাধিক নেতার্মীদের আহত হয়েছে। শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে তারা। আইন-শৃঙ্খলা বাহিনী ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলা সত্ত্বেও গণতন্ত্রকামী জনতা দানবীয় সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে এসে কর্মসূচি সফল করে প্রমাণ করেছে, এ সরকার জনবিচ্ছিন্ন। যুগে যুগে কোনো অত্যাচারী সরকার জুলুম, নির্যাতন করে টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।’

‘তাই আমি বলতে চাই, এখনও সময় আছে জনগণের ভাষা বুঝে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে সংসদ বাতিল করে পদত্যাগ করুন।’ যোগ করেন খন্দকার মোশাররফ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নিরীহ, নিরপরাধ জনগণের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন। সব অত্যাচার নির্যাতন বন্ধ করে গ্রেপ্তারকৃত রাজবন্দীর মুক্তি দিতে হবে।

তিনি গ্রেপ্তারকৃত সব নেতাকমীর মুক্তি দাবি এবং আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে বলেন, ‘এসব অপকর্মের সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসী ও আওয়ামী নামধারী প্রশাসনের চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোশাররফ বলেন, ‘এই সরকার কী করছে, না করছে তা নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা দশ দফা দিয়েছি-তার প্রথমটা হচ্ছে এই সরকারের পদত্যাগ। আমরা সেই দশ দফা নিয়ে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *