রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই: ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ওই পদে বসার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে আলাপ-আলোচনা করছেন। তিনি খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। নেতিবাচক রাজনীতি করতে করতে তারা এমন স্থানে পৌঁছেছেন, বিএনপিকে বড় মিছিল করতে হলে, সমাবেশ করতে জামায়াতের সমর্থক কর্মী লাগবে।

জামায়াত নিষিদ্ধ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিইনি। আদালতের বিষয় দলীয় ভূমিকা যুক্তিসংগত হবে না।

এ সময় তিনি বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের মধ্যে নেতা কে, কাকে নিয়ে তারা নির্বাচন করবেন? খালেদা জিয়া ও তারেক রহমান কেউই নির্বাচনে আসতে পারবেন না। কাকে সামনে রেখে তারা নির্বাচন করবেন?

কাদের বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব।

তিনি বলেন, বিএনপির জগাখিচুরি ঐক্যের পরিণতি হয়েছে। অর্থহীন ঐক্য কতটা টেকসই হয় সেটা সময় গড়ালে বোঝা যাবে। গতবার ২১ দল ছিলো, নির্বাচনের সময় তারা এলোমেলো হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *