ঢাকায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে।

মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।’

এদিকে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি হওয়ায় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। চার দিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। দিনে বেশিরভাগ সময়ই হেডলাইট জ্বেলে সড়কে চলাচল করছে যানবাহন।

মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এতে রিকশা-ভ্যানের চালকদের আয় কমে গেছে। শীতের মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে দিনমজুরদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *