রাজধানীর মালিবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
নিউমার্কেট ডিভিশন পুলিশের এডিসি শাহীন শাহ মাহমুদ বলেছেন, ‘জুমার নামাজ শেষে জামাত-শিবিরের ব্যানারে হঠাৎ করে মালিবাগ টাওয়ারের সামনে পুলিশের ওপর হামলা চালায় এক দল মানুষ।’
তিনি আরও জানান, এত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছি। পরে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌধুরী পাড়া আবুল হোসেন হোটেলের সামনে থেকে জামায়াত-শিবিরের ব্যানারে একটি মিছিল মৌচাক মোড়ের দিকে আসে। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি মালিবাগ মোড়ে যায়। সেখানে পুলিশের আরেকটি দল তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটেকেল নিক্ষেপ করে এবং পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, বিএনপির ঘোষিত ‘যুগপৎ কর্মসূচি’র গণমিছিলের সঙ্গে একাত্ম হয়ে আজ জামায়াতও ঢাকায় একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
