সরকারের পদত্যাগ দাবি করাতে এসে বিএনপি নিজেরাই পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এমপিদের পদত্যাগ নিয়ে মন্ত্রী বলেন, বিএনপির সর্বমোট ৭ জন সংসদ সদস্য আছে। তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে, ১০ তারিখ সরকার হটিয়ে দেবে, এখন দেখা যাচ্ছে নিজেরাই হটে যাচ্ছে অর্থাৎ নিজেরাই পদত্যাগের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়, তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির।
হাছান মাহমুদ বলেন, ‘সংসদে যেখানে সাড়ে তিনশ এমপি সেখানে ৭ জন এমপি পদত্যাগ করলে কিছু আসে যায় না। নিয়ম অনুযায়ী সেখানে উপনির্বাচন হওয়ার কথা। তবে এতে বিএনপি যে সংসদে কথা বলতে পারতো, সেই পথটা তাদের জন্য বন্ধ হয়ে গেলো। মির্জা ফখরুল সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাদের হাইকমান্ডের নির্দেশে তিনি শপথ নিতে পারেননি। এতে বরং বিএনপির ক্ষতি হয়েছে। তার মতো একজন বাকপটু নেতা যদি সংসদে থাকতেন তাহলে বিএনপিরই লাভ হতো’।
বিএনপির গতকালের সমাবেশ নিয়ে মন্ত্রী বলেন, শনিবার (১০ ডিসেম্বর) মানুষ শঙ্কার মধ্যে ছিল তারা আবার অগ্নি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং সরকারিদল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতির কারণে তারা যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। অর্থাৎ সন্ত্রাস, নৈরাজ্য যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। এরপর তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং মোটরসাইকেলে আগুন দিয়েছে। যেদল অগ্নিসন্ত্রস, নৈরাজ্য লালন করে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি।
তিনি বলেন, ১০ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোড় ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। যে মাঠে তারা সমাবেশ করেছে সে মাঠে গরুর হাট বসে। তারা সে মাঠই পছন্দ করেছে। তাদের আরো অনেক বিকল্প বড় মাঠের কথা বলা হয়েছিল। কিন্তু তাদের গরুর বাজারের মাঠই পছন্দ। যে মাঠে তারা সমাবেশ করেছে সেটার আয়তন হলো ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট এলাকা লাগে। ফলে সে মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরের রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়।
